জয়নুল আবেদিনের শিল্পকর্মে স্বদেশ ও সমকাল

একটি সমীক্ষা

Authors

  • তরুন কুমার সরকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • রনজিৎ মল্লিক সরকারী ব্রজমোহন কলেজ, বরিশাল।

DOI:

https://doi.org/10.59185/jurpc.v35i2.148

Abstract

শিল্পীর কোনো দেশ নেই- এমন কথা শিল্পের সর্বজনীন ভাবাদর্শ-দর্শনের আপ্তবাক্য হিসেবে উচ্চারিত হলেও একথা অস্বীকার করা যায়না যে সামাজিক মানুষ হিসেবে শিল্পীও ভৌগোলিক-স্থানিক পরিচয়ের বাইরে নন৷ কেননা মানুষ হিসেবে তার জন্ম ও বেড়ে ওঠা একটি সুনির্দিষ্ট সমাজ-সংস্কৃতির মধ্যেই ঘটে থাকে৷ আর প্রত্যেক মানুষের জীবনই কোনো একটি কালের পরিধিতে আবদ্ধ৷ তবে মানুষ তার মেধা ও মননের উত্কর্ষ-বিকাশের ভেতর দিয়ে ছাড়িয়ে যান স্থানিকতার সীমা, ছাপিয়ে যান সময়ের গন্ডি৷ তবে স্বদেশ ও সমকালকে বাদ দিয়ে নয়, বরং সেসবকে ধারণ করেই তিনি হয়ে ওঠেন সর্বজনীন বা বিশ্বজনীন৷ কেননা শিল্পীর মৌল পরিচয় যে মানুষ তার মূল শেকড়টি গ্র্র্রথিত থাকে স্বদেশ ও স্বকালের সমাজ-সংস্কৃতি-ভূগোলেরই গভীরতায় ও ব্যাপ্তিতে৷

শিল্পাচার্য জয়নুল আবেদিনের কাজের একটি বড়ো বৈশিষ্ট্য তার স্বদেশ ও সমকাল সংলগ্নতা৷ ভারতীয় উপমহাদেশীয় তথা বঙ্গীয় ও বাংলাদেশের চিত্রশিল্পের ইতিহাসে তিনি এক অনস্বীকার্য ব্যক্তিত্ব৷ কেননা তিনি স্বদেশীয় শিল্প ঐতিহ্য ধারায় নিজেকে কেবল সম্পৃক্ত করেই আত্মসিদ্ধি লাভের উপায় খুঁজেননি, তিনি সে ঐতিহ্যকে সমৃদ্ধ করেছেন তার সৃজন-কল্পনার স্বকীয়তায়৷ রাষ্ট্র গড়ে রাষ্ট্র ভেঙেছে, রাজনীতির নানান দ্বন্দ্বমূখর স্রোত-সমীকরণ সমাজস্থ মানুষকে নানানভাবে বিভক্ত করেছে; কখনো সম্প্রদায়ের নিরিখে, কখনো বা ভূগোলের চিহ্নায়নে৷ কখনো বা মানুষের বিপন্নতাকে বাড়িয়ে দিতে শাসকের সঙ্গে যোগ দিয়েছে প্রকৃতির বৈরিতা৷ এসব কিছুই সুগভীর মানবিক অনুভববেদ্যতার সঙ্গে স্পর্শ করেছে শিল্পী জয়নুল আবেদিনকে৷ জন্মেছিলেন তিনি অবিভক্ত বাংলার পূর্ববঙ্গে বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জে৷ শিক্ষালাভ করেছেন বৃটিশ-ভারতের রাজধানী কলকাতায়৷ জন্মকালীন পরিচয়ে তিনি ভারতীয় বাঙালি; শিল্প সাধনার ক্ষেত্রে তিনি সে ঐতিহ্যকে গ্রহণও করেছিলেন, সন্দেহ নেই৷ কিন্তু ভারতীয় ঐতিহ্যের মধ্যে থেকেই জয়নুল বাঙালি শিল্প-ঐতিহ্য সম্পর্কে সচেতন হন এবং তাতে নতুনত্ব যোগ করেন৷ যে বৃহত্তর ভৌগোলিক সমাজ-সংস্কৃতির তিনি উত্তরসূরী সেখানে যেমন রয়েছে পশ্চিমবঙ্গীয় কলকাতা তেমনি রয়েছে পূর্ববঙ্গ৷ তাই শৈল্পিক সৃজন-কল্পনার ধ্রুপদী রূপায়নে তিনি উভয়বঙ্গীয় যাকে ভূগোল নিরপেক্ষভাবে চিহ্নিত করা যেতে পারে লোকায়ত বলে৷

কলকাতাকেন্দ্রিক ভারতীয় তথা বঙ্গীয় চিত্রকলা-ঐতিহ্যের প্রথিতযশা ও প্রবাদপ্রতীম পুরোধাব্যক্তিত্ব অবনীন্দ্রনাথ, নন্দলাল বসু, যামিনী রায়, রবীন্দ্রনাথ প্রমুখ শিল্পীদের প্রভাবাধীনে থেকে জয়নুল আবেদিন শিক্ষা লাভ করেছেন৷ সে ঐতিহ্যের মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধন ঘটাবার একটি প্রয়াস প্রবলভাবে কার্যকর ছিল৷ কলকাতাকেন্দ্রিক ভারতীয় তথা বঙ্গীয় শিল্প ঐতিহ্যের মূল চারিত্রিক বৈশিষ্ট্য ছিল নাগরিক জীবন ও বোধ ঘেষা৷ ইউরোপীয় আধুনিকতা প্রভাবিত সে শিল্প-ঐতিহ্যধারায় জয়নুল আবেদিন যোজনা করেন বঙ্গীয় লোকায়ত জীবন প্রভাবিত নতুন ধারা৷ সে ধারার উত্সভূমি এই পূর্ববঙ্গ তথা বাংলাদেশ৷ তাঁর কলাচিন্তার ভরকেন্দ্র বাংলার, বিশেষ করে পূর্ব বাংলার গ্রামীন সমাজ ও খেটে খাওয়া মানুষ৷ অতিকল্পনা ও রোম্যান্টিক অনুধ্যানের পরিবর্তে তিনি আকৃষ্ট হলেন ‘বাস্তব জীবনের বস্তুনিষ্ঠ রূপায়নে”(মনসুর, ২০১৩:১৯)৷ এর সবচেয়ে প্রজ্জ্বল প্রমাণ কলকাতা পর্বে (১৯৩৩-১৯৪৭) তার আঁকা দুর্ভিক্ষের চিত্রমালা৷

জয়নুল আবেদিন তাঁর সমকালের একজন মানবিক প্রত্যক্ষদর্শী৷ তার ছবির মূখ্য বিষয় মানুষ৷ বিশেষত প্রান্তিক ও বিপন্ন মানুষ৷ তাঁর ছবি হয়ে উঠেছে ইতিহাসের সাক্ষ ও বয়ান৷ কখনো আবার তা সংস্কৃতির আখ্যান৷ সুনির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক দল ও মতের ঘোষিত সমর্থক-অনুসারী না হয়েও প্রকৃত শিল্পীর সর্বমানবিক উপলব্ধিতে তিনি ছিলেন সমাজতান্ত্রিক৷ ব্যক্তির নয়, সমষ্টির উন্নতি-অগ্রগতিই ছিল তার শিল্পাদর্শের মৌল উদ্দিষ্ট৷ তাঁর দুর্ভিক্ষের চিত্রমালার বিষয় ও প্রকরনের ভেতর দিয়ে যেমন তাঁর হৃদয়বাদী মানবিক সত্ত্বার পরিচয় মেলে তেমনি তা তাঁর শেকড়সংলগ্নতারও চিহ্নায়ক৷ ভূরাজনৈতিক বিক্ষেপের ফলে জয়নুল ১৯৪৮-এ নাগরিকত্ব সূত্রে ধর্মরাষ্ট্র পাকিস্তানের বাসিন্দা হলেও তার মানসচেতনায় বহমান থাকে বাঙালির সংস্কৃতিভিত্তিক ধর্মনিরপেক্ষ লোকায়ত জীবনের ধারণা৷ আর সে ধারণার মূল ভিত্তি এই পূর্ববঙ্গ-বাংলাদেশ৷ বাংলাদেশের স্বাধীকার তথা স্বাধীনতা আন্দোলনের সুদীর্ঘ চব্বিশ বছরের ইতিহাসের নানা বাঁকে রাজনীতি ও সংস্কৃতির সম্মিলিত স্রোতধারার সঙ্গে একাত্ম থেকে শিল্প সৃজনে ব্রতী হয়েছেন৷ ১৯৬৯-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আঁকা তাঁর নবান্ন, ১৯৭০-এর প্রলয়ংকরী ঘূর্নিঝরের প্রেক্ষিতে আঁকা মনপুরা-৭০, এবং ১৯৭১-এর মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে জয়নুলকৃত ড্রইং বীর মুক্তিযোদ্ধা  তার স্বদেশ ও সমকাল চেতনার স্বাক্ষ বহন করে৷

Author Biographies

তরুন কুমার সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সহযোগী অধ্যপক, চারুকলা বিভাগ

রনজিৎ মল্লিক, সরকারী ব্রজমোহন কলেজ, বরিশাল।

সহকারী অধ্যাপক, ইংরেজী বিভাগ

Downloads

Published

2024-12-31

How to Cite

সরকার ত. ক., & মল্লিক র. (2024). জয়নুল আবেদিনের শিল্পকর্মে স্বদেশ ও সমকাল : একটি সমীক্ষা. The Jahangirnagar Review Part-C, 35(2), 105–124. https://doi.org/10.59185/jurpc.v35i2.148

Issue

Section

Articles