সেলিম আল দীন-এর কথানাট্য চাকা
মঞ্চে ও চলচ্চিত্রে
DOI:
https://doi.org/10.59185/jurpc.v35i2.153Abstract
এ প্রবন্ধ দুই ভিন্ন শিল্প মাধ্যম - মঞ্চ ও চলচ্চিত্রে সেলিম আল দীন রচিত কথানাট্য চাকা-এর শিল্পরূপ আর অভিঘাতের স্বরূপ ও স্বাতন্ত্র্য অনুসন্ধানে প্রত্যয়ী৷ নাটক রচনায় সেলিম আল দীন ক্রমেই অনুসন্ধিত্সু হয়েছিলেন দেশজ শিল্প আঙ্গিকের নবতর রূপ সৃজনে৷ চাকা নাটকের গঠন শৈলীতেও আমরা লক্ষ্য করি তাঁর শেকড়মুখী প্রবণতায় তিনি নিবিষ্ট থেকেছেন ঐতিহ্যবাহী বাংলা নাট্যের নবতর নির্মাণে৷ ‘দ্বৈতাদ্বৈতবাদী’ শিল্পত্বরে প্রেরণায় এ নাটকে তিনি সংযোগ ঘটিয়েছেন সংগীত, কাব্য, গল্প, উপন্যাস, কথকতা আর চিত্রকলার দ্যোতনাসহ নানা আঙ্গিকের পরোক্ষ কিংবা প্রত্যক্ষ প্রভাব৷ তবে এর মূল বিষয়ে মুখ্য করেননি পুরাণ কিংবা লোককথা উদ্ধৃত বিষয় সরাসরি৷ এ নাটকে বর্ণিত হয়েছে ৯০-এর গণআন্দোলনের প্রেক্ষাপটে নিহত একটি ঠিকানা না পাওয়া লাশের সত্কারে অনাত্মীয় এক গাড়োয়ান ও তার সঙ্গীদের মানবিকতার গল্প৷ বাংলাদেশে সেলিম আল দীনের চাকাকে প্রথম মঞ্চে এনেছিল ঢাকা থিয়েটার ১৯৯১ সালে - এর নির্দেশনায় ছিলেন সৈয়দ জামিল আহমেদ৷ পরবর্তী সময়ে - ১৯৯৩ সালে, চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম নির্মাণ করেন একই শিরোনামের চলচ্চিত্র চাকা এই নাটক অবলম্বনে৷ দুটো প্রযোজনাই প্রশংসিত হয় সুধী মহলে৷ তবে একই নাটকের বিষয়কে কেন্দ্র করে উপস্থাপনা সত্ত্বেও, এই নাট্যপ্রযোজনা ও চলচ্চিত্রের শিল্প ভাবনা এবং দর্শক অভিঘাতে রয়েছে ভিন্নতা ও স্বাতন্ত্র্য৷ এই প্রবন্ধ, একই সাথে নাট্যতত্ত্ব ও চলচ্চিত্র গবেষণার সংশ্লিষ্ট রীতি পদ্ধতি প্রয়োগ পূর্বক এই দুই আঙ্গিকে চাকার গবেষণাধর্মী বিশ্লেষণ উপস্থাপনে সংকল্পবদ্ধ৷ এতে উঠে আসবে সেলিম আল দীনের চাকার মঞ্চ ও চলচ্চিত্র পরিভ্রমণের গতিরেখ, শিল্পভঙ্গি আর অভিঘাতের বিশ্লেষণধর্মী পর্যালোচনা ৷